বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে সমালোচনা আর ট্রল নতুন কিছুই নয়। পান থেকে চুন খসলেই চলতি বছরে তিনটি টেস্ট সেঞ্চুরি করা এই তারকাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। প্রশংসার চেয়ে কটুক্তিই বেশি শুনতে হয় শান্তকে। আয়ারল্যান্ডকে হারানোর পর শান্তর কণ্ঠে তাই অভিমানের সুর।
সিলেটে আজ শুক্রবার আয়ারল্যান্ডকে সাড়ে তিন দিনেই ইনিংস ও ৪৭ রানে হারিয়েছে বাংলাদেশ। ৮ উইকেটে ৫৮৭ রানের পাহাড় গড়া ইনিংসে শান্ত হাঁকিয়েছেন সেঞ্চুরি। ৩৮ টেস্টের ৭১ ইনিংসে এটা তার ৮ম সেঞ্চুরি। সর্বোচ্চ ১৭১ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এছাড়া সাদমান ইসলাম, মুমিনুল হক ও লিটন দাসেরও পঞ্চাশোর্ধ ইনিংস উপহার দিয়েছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘মাত্র মনে হয় ৩৮ ম্যাচ খেলেছি... এখনই এত ভালো ভালো কথা শোনার অভ্যাস নাই। এই যে মুশফিক ভাই ৯৯ টেস্ট খেলে ফেলেছেন, সেরকম ১০০-১৫০ টেস্ট খেলার পর যদি ধারাবাহিক হতে পারি. তখন বলতে পারব আমি ক্যারিয়ার ভালোভাবে শেষ করতে পেরেছি। ৯৯টা তো অবশ্যই না। চাইব একশ টেস্ট খেলতে। এজন্য সুস্থ থাকতে হবে, পারফর্মেন্স করে যেতে হবে।’