জোহানেসবার্গে ৯ উইকেটে হারের পর সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হার। এই দুইয়ে মিলে অবস্থাটা তো কিছু পাওয়ার আশায় এসে অন্ধকার বরণ নেওয়ার মতোনই যেন অবস্থা। তবে সিরিজে হোয়াইটওয়াশের পরও সবকিছুতে অন্ধকার দেখছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বড় পরাজয়ের ধাক্কা সামলে নিজেদের ভেতরের কিছু ইতিবাচক দিক খুঁজে নেওয়ার কথা বলেছেন তিনি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলার সময় দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের চ্যালেঞ্জ, ব্যাটিং ব্যর্থতা এবং সামনে কোন জায়গাগুলোতে উন্নতি জরুরি, সেই বাস্তবতাও তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক।
ম্যাচ হার ও দলের পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘আমরা জানি কন্ডিশন কঠিন। আমাদের ব্যাটাররা মানিয়ে নিতে পারেনি, বিশেষ করে প্রথম ইনিংসে। উই হ্যাভ সাম পজিটিভস (তবে আমাদের কিছু ইতিবাচক দিকও আছে), হৃদয় যেভাবে ব্যাট করেছে, তা দেখাটা ভালো লেগেছে। ক্যাচিং এবং টপ অর্ডারে ইনিংসের শুরুটা উন্নতির জায়গাগুলোর মধ্যে অন্যতম।’
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন, বিশেষ করে সেঞ্চুরিয়নের চ্যালেঞ্জিং উইকেটে মানিয়ে নেওয়ার ব্যর্থতা নিয়ে আরও খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। ‘হ্যাঁ, অবশ্যই আমরা জানি কন্ডিশন এমনই হবে। কিন্তু একটি ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের যত দ্রুত সম্ভব এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া দরকার ছিল। কিন্তু আমরা সেটা পারিনি। আর বিশেষ করে ব্যাটিংটাই বড় সমস্যা ছিল। তাই আমরা ভালো ব্যাট করতে পারিনি।’
ওয়ান্ডারার্সে হারের পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানো কতটা কঠিন ছিল এবং দ্বিতীয় টেস্টে শুরু থেকে পরিকল্পনা বাস্তবায়নে কেন পিছিয়ে পড়েছিল দল, সে প্রসঙ্গেও নিজের পর্যবেক্ষণ তুলে ধরে শান্ত বলেন, ‘এটা কঠিন। এটা কঠিন, তবে ক্রিকেটে এমনটা হতেই পারে। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের ভালো পরিকল্পনা নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা উচিত ছিল। কিন্তু যেমনটা বললাম, আমরা ভালো শুরু করতে পারিনি। এমনকি বোলিংয়েও আমরা ভালো বল করিনি। সে কারণেই আমরা ম্যাচটা হেরেছি।’
সিরিজ থেকে প্রাপ্ত শিক্ষা এবং বিদেশের কন্ডিশনে উন্নতির জায়গাগুলো নিয়ে হৃদয়ের ব্যাটিংয়ের প্রশংসা করে আরও বিশদভাবে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেন, ‘অবশ্যই, আমার মনে হয় কিছু ইতিবাচক দিক আছে, যেমন হৃদয় যেভাবে ব্যাট করেছে, মাত্র ৪-৫টি টেস্ট ম্যাচ খেলে। ও যেভাবে ব্যাট করেছে, তা দেখাটা সত্যিই ভালো লেগেছে। আর উন্নতির অনেক জায়গা আছে, যেমন ক্যাচিংয়ের দিক থেকে, এমনকি টপ অর্ডার ব্যাটার হিসেবে ইনিংসের শুরু করার ক্ষেত্রেও। তাই আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে।’
সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৪৯৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ৪০৩ রানের বিশাল লিড নেয়; মার্কেস অ্যাকারম্যান ১৫০ ও উইয়ান মুল্ডার সেঞ্চুরি করেন। দ্বিতীয় ইনিংসেও সেই পুরোনো ব্যাটিংয়ের রোগ। তাতেই শেষ ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানে অলআউট বাংলাদেশ, এতেই ইনিংস ও ২১৯ রানের বিশাল হারে লাল বলের সিরিজ শেষ করলো নাজমুল হোসেন শান্তর দল।
ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ