দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচার শুরু

বিএনপি চেয়ারপারসন ও দিনাজপুর-০৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদে দলের মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছে দিনাজপুর জেলা বিএনপি।

আজ শুক্রবার দুপুরে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানের সমাহিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদা ও বড় বোন খুরশিদ জাহান হকের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন জেলা বিএনপি।

এ সময় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হালিম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু বকর সিদ্দিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের পর আনুষ্ঠানিক লিফলেট বিতরণ শুরু করা হয়। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট চান।

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শৈশব বেড়ে উঠেছে দিনাজপুর সদর উপজেলায়। তিনি দেশের জন্য সব সময় আপসহীন হিসেবে করেছেন। আমরা দিনাজপুরবাসী তার জন্য গর্বিত। তার বড় বোন মরহুম খুরশিদ জাহান হকের কারণে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, শিক্ষা বোর্ড, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সকল ধরনের উন্নয়ন হয়েছে। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কারণে দিনাজপুর সদর উপজেলা সকল ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করার ব্যাপারে সকলে একসঙ্গে কাজ করছি। যাতে করে মরহুম খুরশিদ জাহান হকের উন্নয়নের ধারাবাহিকতা আগামীতে চলমান থাকে।