পাকিস্তানের কাছে টানা হারে ছিটকে গেল বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ খেলতে হলে জিততে হতো পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ। তবে প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরে শেষ হয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ হকি দলের আশা। বৃহস্পতিবার প্রথম ম্যাচে ৮-২ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ধরাশায়ী ৮-০ গোলে। তাতে এক ম্যাচ হাতে রেখে আগামী বছর নেদারল্যান্ডসে হতে যাওয়া বিশ্বকাপের বাছাইয়ে খেলার সুযোগ পেল রেকর্ড চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান।

প্রথম ম্যাচে বড় (৮-২) জয়ের পরও পাকিস্তানকে ঠিক স্বরূপে দেখা যায়নি। শুক্রবার মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানকে পাওয়া গেছে আরও ভয়ংকর রূপে। পাকিস্তানের স্কিল, টেকনিক ছিল আরও নিখুঁত। তাই তো সমান গোল দিয়ে কোনো গোল এ ম্যাচে হজম করেনি তারা। প্রথম কোয়ার্টারে পাকিস্তান নিয়েছিল এক গোলের লিড। দ্বিতীয় কোয়ার্টারে বেড়ে হয় ৪-০। তৃতীয় কোয়ার্টারে এক গোল করে পাকিস্তান। তবে শেষ কোয়ার্টারে আরও তিন গোল করে বড় জয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

আনুষ্ঠানিকতার শেষ ম্যাচটি হবে রবিবার।