৬ বছর পর গতকাল ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ইডেন গার্ডেনসে শুরু হয়েছে টেস্ট ম্যাচ। ইডেনে এর আগে ভারত সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশের বিপক্ষে। ভারতের ইডেনে ফেরার দিনটা ভালোই কেটেছে। টসে জেতা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে মাত্র ১৫৯ রানে অলআউট হয়। ৫ উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরা। ভারত ২০ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে করেছে ৩৭ রান।
দুই টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাট করতে নামা প্রোটিয়াদের শুরুটা ভালোই হয়েছিল। প্রথম ১০ ওভারেই ৫৭ রান তোলেন দুই ওপেনার এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। ১১তম ওভারে রিকেলটনকে বোল্ড করে বুমরার উইকেটের শুরু। প্রথম স্পেলে টানা ৭ ওভার করা বুমরা তুলে নেন মার্করামকেও। ১ ছক্কা ৫ চারে ৪৮ বলে ৩১ রান করা মার্করাম। দুই ওপেনারের বিদায়ের পর প্রথম ইনিংস ভারতের নিয়ন্ত্রণে চলে আসে। টনি ডি জর্জি ও উইয়ান মুল্ডার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তাদের ৪৩ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙেন কুলদিপ। এরপর আর কেউ দাঁড়াতে পারেননি। ১১৪ থেকে ১৫৯, ৪৫ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। বুমরা টেস্টে ১৬তম বারের মতো ৫ উইকেট পেলেন।
প্রথম দিন শেষে ৫৯ বলে ১৩ রান করা লোকেশ রাহুলের সঙ্গে ৩৮ বলে ৬ রান নিয়ে অপরাজিত নাইটওয়াচম্যান হিসেবে নামা ওয়াশিংটন সুন্দর। সব মিলিয়ে ইডেনে প্রথম টেস্টের প্রথম দিনে ৭৫ ওভারে দুই দল মিলিয়ে উঠেছে ১৯৬ রান, উইকেট পড়েছে ১১টি।