ধানক্ষেতে নবদম্পতির রাজনৈতিক ছবি ভাইরাল

বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হতেই এক নবদম্পতি হঠাৎই ধানক্ষেতে গিয়ে ‘রিভিউ’-র ভঙ্গিতে ছবি তুলে ফেললেন। তাদের এই ব্যতিক্রমী মুহূর্ত স্যোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

ফেনী-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে যখন নানা আলোচনা, ঠিক তখনই ওই দম্পতির ছবি নতুন মাত্রা যোগ করে।

জানা যায়, শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ফেনী পৌরসভার আলম গাজী রোড এলাকার শাকিব ভিলার বাসিন্দা আদনান সোহাগ ও দাগনভূঞা পৌরসভার মজুমদার বাড়ির ইয়াসমিন আক্তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কনের বাড়ির পাশের ধানক্ষেতে গিয়ে ছবিগুলো তোলেন। পরে সেগুলো দ্রুতই ভাইরাল হয়ে যায়।

ছবিটি নিয়ে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ শুভেচ্ছা জানালেও কেউ মজার ছলে ‘রিভিউ’ চেয়েছেন দম্পতির দাম্পত্য জীবনের জন্য।

বর আদনান সোহাগ বলেন, একজন প্রার্থীর প্রতি মানুষের যেমন ব্যক্তিগত পছন্দ থাকে, তাদেরও তেমন ছিল। পছন্দের ব্যক্তি মনোনয়ন না পাওয়ায় তিনি ও তার স্ত্রী মনঃক্ষুণ্ণ হন। সেই ভাবনাই হাস্যরসাত্মকভাবে প্রকাশ করতে বিয়ের মাঝেই এই প্রতীকী ছবি তোলা। তার ভাষায়—ফেনী সদর আসনে ‘রিভিউ’ হোক, এই চেতনাই ছবিতে তুলে ধরেছেন।

উল্লেখ্য, তার এক সপ্তাহ আগেই ফেনী জেলা বিএনপির সদস্য সচিব ও ফেনী-২ আসনের প্রার্থী আলাল উদ্দিন আলাল ধানক্ষেতে দাঁড়িয়ে ক্রিকেট আম্পায়ারের মতো ‘রিভিউ’ সিগন্যাল দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে আলোচনায় আসেন।

এক সাক্ষাৎকারে আলাল জানান, রিভিউয়ের এই ধারণা তিনি নিজেই বের করেছেন। নতুন প্রজন্ম যেভাবে প্রতীকী ও সৃজনশীল ভাষায় মত প্রকাশ করছে, সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি অহিংস উপায়ে তার বার্তা পৌঁছাতে চেয়েছেন।