আর্জেন্টিনার পরাজয়ের রাতে ব্রাজিলের রোমাঞ্চকর জয়

কাতারে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে টানটান উত্তেজনার এক লড়াইয়ের পর শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ব্রাজিল। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকা ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে রাউন্ড অব ১৬–এর টিকিট নিশ্চিত করে সেলেসাও যুবারা।

শুক্রবার রাতে কাতারের অ্যাসপায়ার জোনের মাঠে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২–এর ম্যাচে ম্যাচের শুরুতেই চাপে পড়ে ব্রাজিল। মাত্র ১০ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ভিতোর হুগো। বাকি ৮০ মিনিট ১০ জন নিয়ে খেলতে হলেও প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে তারা। কয়েকটি গোলের সুযোগও তৈরি হয়েছিল, তবে কোনো দলই গোল করতে পারেনি।

বিরতির পর খেলায় ফেরে প্যারাগুয়ে। কয়েক দফা বিপজ্জনক আক্রমণ গড়ে তোলে তারা। একবার তো তাদের নেওয়া শট সরাসরি ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা না মিললে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের নায়ক ব্রাজিল গোলরক্ষক হোয়াও পেদ্রো। নির্ধারিত পাঁচ শট শেষে দুই দলই সমতায় (৪-৪) থাকলে শুরু হয় সাডেন ডেথ লড়াই।

সেই পর্বে পরপর দুটি শট ঠেকিয়ে দেন পেদ্রো। যদিও ব্রাজিলের প্রথম শট পোস্টে লাগে, কিন্তু দ্বিতীয় শটে লুইস পাচেকো লক্ষ্যভেদ করলে উল্লাসে মাতে সেলেসাও শিবির। এই জয়ে শেষ ষোলোতে এখন ব্রাজিলের প্রতিপক্ষ ফ্রান্স, যারা একই দিনে কলম্বিয়াকে হারিয়ে এগিয়ে গেছে দ্বিতীয় রাউন্ডে। এদিন টাইব্রেকারে মেক্সিকো ছিটকে দেয় আর্জেন্টিনাকে। এছাড়া আয়ারল্যান্ড হারায় কানাডাকে, এবং যুক্তরাষ্ট্রকে পরাজিত করে মরক্কো।