আনচেলত্তির বিশ্বকাপ দল চূড়ান্ত, তবে সুযোগ থাকছে শেষ দিন পর্যন্ত

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১০:৫৬ এএম

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দল প্রায় চুড়ান্ত করে ফেলেছেন কার্লো আনচেলত্তি। সেনেগালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগের দিন শুক্রবার ইংল্যান্ডে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্বকাপের চূড়ান্ত দল তার মাথায় প্রায় ঠিক হয়ে আছে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত পর্যবেক্ষণ ও চূড়ান্ত স্কোয়াড বাছাই চলবে।

ফিফা আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচে ব্রাজিল। প্রথমটি আজ শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় সেনেগালের বিপক্ষে। দ্বিতীয়টি আগামী মঙ্গলবার তিউনিশিয়ার বিপক্ষে। সেনেগালের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে প্রশ্ন করা হয়—এখনও যেসব খেলোয়াড় দলে ডাক পাননি, তারা কি করলে বিশ্বকাপের আগে বিবেচনায় আসতে পারেন?

জবাবে অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ বলেন, ‘বিশ্বকাপ শুরু হতে এখনও ছয় মাস বাকি। এই সময়ে চোট বা ফিটনেস সমস্যা হতে পারে। তবুও আমার কাছে দলের মূল কাঠামো পরিষ্কার। কিছু পজিশন ফাঁকা আছে, সেসব পজিশনে প্রতিযোগিতা চলছে। পর্যবেক্ষণ শেষ দিন পর্যন্ত চলবে। আমার সন্দেহ বা ভাবনা শেষ দিন পর্যন্তই থাকবে। খুব ভালো মানের খেলোয়াড় আছে আমাদের। তাই ২৬ জনের চূড়ান্ত তালিকা নির্ধারণ করা কঠিন।’

আনচেলত্তির এই দলে সুপারস্টার নেইমার থাকবেন কিনা- সেটা তিনি এবারও পরিস্কার করেননি। চোটের সঙ্গে লড়াই করা নেইমার সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন। তবে আনচেলত্তির মন জয় করতে হলে তাকে আরও বেশিকিছু করতে হবে। কারণ বিশ্বকাপের আগে দলে স্থায়ী জায়গা পেতে এই ম্যাচগুলোতে সেরা পারফরম্যান্স দেখানোর সুযোগ পাচ্ছেন ব্রাজিলের উদীয়মান ফুটবলাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত