৬০০ টাকায় মাসিক ‘আনলিমিটেড’ ট্রেন যাত্রা!

বাংলাদেশ রেলওয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের নিয়মিত যাত্রীদের জন্য চালু করেছে বিশেষ মাসিক টিকিট সেবা। মাসে মাত্র ৬০০ টাকায় এই টিকিটের মাধ্যমে যাত্রীরা সীমাহীন সংখ্যক বার যাতায়াত করতে পারবেন।

সাধারণভাবে এই রুটে একবার ট্রেন ভাড়া ২০ টাকা। একজন নিয়মিত যাত্রীর দৈনিক আসা-যাওয়ায় খরচ হয় ৪০ টাকা, যা মাসে ৬০০ টাকায় দাঁড়ায়। অন্যদিকে একই রুটে বাসে দৈনিক আসা-যাওয়ার ভাড়া ১০০ টাকা, যা মাসে প্রায় ৩,০০০ টাকা। ফলে রেলওয়ের এই মাসিক টিকিট যাত্রীদের জন্য নিয়ে এসেছে উল্লেখযোগ্য আর্থিক সাশ্রয়।

চাষাড়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত প্রায় ৮০ থেকে ৯০ জন যাত্রী এই বিশেষ মাসিক টিকিট নিয়েছেন। এই সুবিধার তথ্য আরও ছড়িয়ে পড়লে এই সংখ্যা দ্রুত বাড়বে বলে আমরা আশা করছি।

নিয়মিত যাত্রী সালাউদ্দিন এই সেবার প্রশংসা করে বলেন, বাসে যাওয়া-আসায় দৈনিক ১০০ টাকা খরচ হয়, কিন্তু ট্রেনে এই মাসিক টিকিটের মাধ্যমে দিনে গড়ে মাত্র ২০ টাকা খরচ হয়। সবচেয়ে বড় সুবিধা হলো প্রতিদিন টিকিট কাটার ঝামেলা থেকে মুক্তি।

রেলওয়ের এই উদ্যোগ শুধু যাত্রীদের আর্থিক সাশ্রয়ই নিশ্চিত করছে না, পাশাপাশি যাতায়াতকে করছে আরও সুবিধাজনক। তবে এখনও অনেক যাত্রী এই সুবিধা সম্পর্কে অবগত নন বলে প্রতিদিন আলাদা টিকিট কেটে যাতায়াত করছেন। এ বিষয়ে ব্যাপক প্রচারের মাধ্যমে আরও বেশি যাত্রীকে এই সেবার আওতায় আনা সম্ভব বলে মনে করছেন নগরবাসী।