ভারী বৃষ্টিতে ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৬

ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে ভারী বৃষ্টির পর সৃষ্ট ভয়াবহ ভূমিধ্বসে ছয়জনের মৃত্যু হয়েছে ও  নিখোঁজ রয়েছেন অন্তত ১৭ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনতারা শনিবার (১৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা বুদি ইরাওয়ান জানান, বৃহস্পতিবার সিলাক্যাপ শহরের সিবেউনিং গ্রামে ধারাবাহিক ভূমিধ্বসে বেশ কয়েকটি বাড়ি মাটির নিচে চাপা পড়ে। প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করা হলেও পরে আরও তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, এখনও ১৭ জন নিখোঁজ। তাদের সন্ধানে আমাদের উদ্ধার কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ৩ থেকে ৮ মিটার গভীরে চাপা পড়ায় উদ্ধার অভিযান চরমভাবে জটিল হয়ে পড়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, সেপ্টেম্বরে শুরু হওয়া বর্ষা মৌসুম আগামী এপ্রিল পর্যন্ত চলবে। এ সময় অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি বাড়বে বলেও তারা সতর্ক করেছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে মধ্য জাভার পেকালোঙ্গান শহরে ভয়াবহ ভূমিধ্বসে কমপক্ষে ২৫ জনের প্রাণহানি হয়েছিল।