বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি জনগণ ও ব্যবসায়ীদের কাছে ছুটে যাবে। রাজনীতিবিদরা সব সময় পছন্দ করে তাদের কাছে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ ছুটে আসুক। কিন্তু বিএনপি আগামী দিনে ক্ষমতায় গেলে তা আর করবে না। আমরা আগামী দিনে মানুষের কাছে ছুটে যাব।
শনিবার বিকালে ফরিদপুরের সদর উপজেলার হলরুমে ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা আর মেগা প্রজেক্টে যাব না। শুধু তাই নয়, আপনাদের আগামীতে ঢাকায় যাওয়ার প্রয়োজন হবে না। যে কোনো প্রয়োজনে আগামীর সরকার আপনাদের নিজ এলাকায় পৌঁছে যাবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশন বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের চাকরি ব্যবস্থা করবে। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতায় বিএনপি ক্ষমতায় গেলে একটি দিনের জন্য ব্যবসায়ীদের কোন কাজে ঘুরতে হবে না। ক্ষমতার প্রথম দিন থেকেই বিএনপি কাজ করে যাবে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী সকল শ্রেণী পেশার মানুষের জন্য।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিএমইএ এর সাবেক সভাপতি এস এম ফজলুর হক, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব জহুরুল হক শাহজাদা মিয়া, ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, চক বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম কিবরিয়া স্বপন, এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছাসহ বীরত্তর ফরিদপুরের পাঁচ জেলার ব্যবসায়ী ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা অনুষ্ঠানস্থলে থাকা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের তৈরি স্টল গুলো ঘুরে দেখেন।