খাল দখলদাররা যত শক্তিশালীই হোক, ছাড় দেওয়া হবে না: আমীর খসরু

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৫:১৬ পিএম

'খালের মালিকানা সরকারের। খালের নির্ধারিত সীমানার মধ্যে কোনও প্রভাবশালীর প্রভাব খাটবে না। খাল দখলদার যত বড় শক্তিশালীই হোক, ছাড় দেওয়া হবে না। সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, এখানে দুর্নীতির কোনও স্থান নেই।’

সোমবার (১৬ মার্চ) দুপুরে মিরসরাইয়ের বামনসুন্দর খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, সমৃদ্ধ কৃষি ও পানি নিষ্কাষণ ব্যবস্থা উন্নত করতে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী এ খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। উনার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করে সে কর্মসূচি শেষ করার উদ্যোগ গ্রহণ করেছেন।

সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে উল্লেখ করে তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যে ১২০০ কিলোমিটার খালের খননকাজ আমাদের সম্পন্ন করতে হবে। মিরসরাইয়ে ৩ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। ক্রমান্বয়ে বাকিটার কাজও আমরা শেষ করতে পারব বলে আশা রাখি।

তিনি আরও বলেন, এ খালটি যখন খনন সম্পন্ন হবে তখন মিরসরাই উপজেলার ১৫ হাজার হেক্টর জমি নতুনভাবে চাষাবাদের আওতায় আসবে। এসব জমিতে অতিরিক্তি ৫ হাজার মেট্রিকটন ফসল উদপাদন সম্ভব হবে। এ কর্মসূচির মাধ্যমে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার যে গ্যাফটা আছে তা পূরণ করার দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। এ ছাড়া খালটির খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে পানি সহজে নিষ্কাষন হবে। ফলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যাবে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, খাল খননের পর খালের পাড়ে ফলজ ও বনজ গাছ লাগানো হবে। যা স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে। বিশ্বব্যপী জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে গাছ রোপণের মাধ্যমে কার্বন ক্রেডিট ব্যবস্থার আওতায় বাংলাদেশ অর্থনৈতিক ও পরিবেশগতভাবে উপকৃত হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খাঁন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক মো. নুরুল ইসলাম, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত