বিশেষায়িত কোর্সগুলোয় শিক্ষার্থী ভর্তির চাপ বেশি

প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী

উপাচার্য

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

কর্মমুখী কোর্স না থাকলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোয় কেউ ভর্তি হতে আসবেন না। পাবলিক বিবিদ্যালয়ে অনেক কোর্স থাকে। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়তে আসেন বাজারমুখী কোর্সগুলো দ্রুত শেষ করে চাকরির বাজারে প্রবেশ করার জন্য। আর সেই আলোকে আমরাও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আইনসহ বিভিন্ন বিভাগ চালু করেছি। এসব বিভাগে শিক্ষার্থীদের ভর্তির চাপও বেশি।

এ ছাড়া বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের (এআই) যুগ শুরু হয়েছে। আমরা আমাদের কোর্সগুলোয় সেগুলো যুক্ত করছি। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবেন গবেষণা নিয়ে এবং সেই গবেষণার প্রয়োগ শিক্ষার্থীরা মাঠপর্যায়ে দেখবেন। তবেই এর বাস্তব ফল পাওয়া যাবে। আমাদের শিক্ষকদের এজন্য গবেষণা প্রবন্ধ তৈরি এবং তা জার্নালে প্রকাশের জন্য বলে থাকি। স্কুল ও কলেজে হবে ক্লাস, বিপরীতে বিশ্ববিদ্যালয়ে হবে গবেষণাচর্চা। আমরা আমাদের শিক্ষকদের তা মেইনটেইন করার জন্য নির্দেশনা দিয়েছি। আমি মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেছি আমাদের ছাত্ররা ওখানে শিক্ষকতা করছেন।