যুক্তরাজ্যে শরণার্থীদের স্থায়ীভাবে বসবাসে দুই দশকের বাধা

যুক্তরাজ্যে আশ্রয় নেয়া শরণার্থীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে এখন ২০ বছর অপেক্ষা করতে হতে পারে। সমুদ্রপথে ছোট নৌকায় অবৈধ অভিবাসীদের সীমান্তে প্রবেশ ও আশ্রয় আবেদন কমাতে লেবার সরকারের এ পদক্ষেপ।  হোম সেক্রেটারি শাবানা মাহমুদের আগামী সোমবার এ নতুন আইনের ঘোষণা করবেন। 
  
নতুন প্রস্তাবে বলা হয়েছে, শরণার্থীদের দেশটিতে এখন শুধু অস্থায়ীভাবে থাকতে দেওয়া হবে। বর্তমানে পাঁচ বছর পর স্থায়ী বসবাসের আবেদন করা যায়, কিন্তু এখন প্রথম মেয়াদ কমিয়ে দুই বছর ছয় মাস করা হচ্ছে এবং এই মেয়াদ শেষে নিয়মিতভাবে তাদের অবস্থান পুনর্মূল্যায়ন হবে। পরিস্থিতি নিরাপদ হলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।
 
মাহমুদ বলেন, 'এ নীতি মানুষকে সতর্ক করতে নেয়া—অনুগ্রহ করে অবৈধভাবে নৌকায় যুক্তরাজ্যে আসবেন না'।  তার দাবি, অবৈধ অভিবাসন দেশকে বিভক্ত করছে এবং এটি মোকাবিলা করা সরকারের দায়িত্ব।

ডেনমার্কের কঠোর মডেল অনুসরণ করে তৈরি এই নীতি লেবার দলের ভেতরেই বিরোধিতার মুখে পড়তে পারে। লিবারেল ডেমোক্র্যাট এমপি ম্যাক্স উইলকিনসন বলেন, কনজারভেটিভদের তৈরি বিশৃঙ্খল আশ্রয় ব্যবস্থা ঠিক করার নতুন পথ খোঁজা ঠিক হলেও দ্রুত আবেদন প্রক্রিয়াকরণ আরও জরুরি।
রিফিউজি কাউন্সিলের প্রধান এনভার সলোমন নতুন পরিকল্পনাকে 'কঠোর ও অপ্রয়োজনীয়' বলে মন্তব্য করে বলেন—এতে নির্যাতিত বা যুদ্ধবিধ্বস্ত মানুষের আগমন ঠেকানো যাবে না।