যে কারণে কম বেতনে চেন্নাই ছেড়ে রাজস্থানে রবীন্দ্র জাদেজা

ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে মাথায় তুলেই রেখেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু আসন্ন মৌসুমের আগে তিনি ফিরে গেলেন রাজস্থান রয়্যালসে। দীর্ঘ সময় চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার পর জাদেজার কেন এই সিদ্ধান্ত? তাছাড়া চেন্নাইয়ের থেকে ৪ কোটি রুপি কম দামে তাকে দলে নিয়েছে রাজস্থান। যে কারণে জাদেজার এই দলবদল নিয়ে বেশ আলোচনা চলছে।

২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রাজস্থানের হয়ে খেলেছেন জাদেজা। সর্বশেষ মেগা নিলামের আগে তাকে ১৮ কোটি রুপিতে দলে ধরে রেখেছিল চেন্নাই। কিন্তু রাজস্থান রয়্যালসে জাদেজা পাবেন ১৪ কোটি রুপি। অনেকের মনেই প্রশ্ন, কেন ৪ কোটি আয় কমিয়ে হলেও জাদেজা চেন্নাই ছেড়ে রাজস্থানে গেলেন? রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদলে দাবি করেছেন, জাদেজা নিজেই আগ্রহ দেখিয়েছিলেন নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসার জন্য।

২০১২ সালের মেগা নিলামে জাদেজাকে দলে ভেড়ায় চেন্নাই। লম্বা সময় খেলার পর জাদেজার চেন্নাই ছাড়ার বিষয়ে রাজস্থানের মালিক নোজ বাদলে বলেন, ‘জাদেজা প্রায় চার সপ্তাহ আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি বলেছিলেন যে, “ঘরে ফিরতে” চান। এখান থেকেই তার আইপিএল যাত্রা শুরু হয়েছিল এবং জাতীয় পর্যায়ে খ্যাতি পেয়েছিলেন। এই চুক্তিতে শুধু জাদেজা নয়, স্যাম কারেনও আছেন। দুজনেই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

জাদেজা আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। বর্তমানে জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে তাকে দেখা যায়। জাদেজার আইপিএল রেকর্ডও উল্লেখযোগ্য। মোট ২৫০ ম্যাচে করেছেন ৩ হাজার ২৬০ রান। সেইসঙ্গে নিয়েছেন ১৭০ উইকেট এবং ১০৯ ক্যাচ। রাজস্থানে খেলার সময় ২৭ ম্যাচে তিনি করেছিলেন ৪৩০ রান এবং  ৬টি উইকেট নিয়েছিলেন। শোনা যাচ্ছে, আগামী মৌসুমে তাকে রাজস্থানের নেতৃত্বেও দেখা যেতে পারে।