শেরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। তবে এতে ব্যাংকের অবকাঠামোর বা অভ্যন্তরীণ কোন ক্ষয়ক্ষতি হয়নি। শুধু মূল ফটকের নামফলক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎এদিকে, অগ্নিসংযোগের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও ঘটনার সঙ্গে জড়িতদের দেখা যায়নি। 

‎গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সকালে তিনি নামফলকে কালি দেখতে পান। এতেই তিনি নিশ্চিত হন যে, কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছিলেন। প্রতিষ্ঠানটির নৈশ প্রহরী মজিবর রহমান ভোরে অফিসের ভেতরে এসে ঘুমিয়ে পড়েন। ওই সময় আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ঘটনাস্থলে প্লাস্টিকের দুটি খালি বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বোতলগুলো দাহ্য পদার্থ বহন করার জন্য ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।