আড়াইহাজারে

জনসভা থেকে ফেরার পথে যুবদলের নেতাকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির জনসভা থেকে বাড়ি ফেরার পথে ফকির জহিরুল ইসলাম নামে এক যুবদলের এক নেতাকে পিটিয়ে জখম করা অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার ( ১৫ নভেম্বর) রাতে উপজেলার আড়াইহাজার পুরনো থানার পাশে এ হামলার ঘটনা ঘটে। 

আহত ফকির জহিরুল ইসলাম উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শনিবার আড়াইহাজার সদরে মঞ্জুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিএনপির জনসভা শেষে ফকির জহির বাড়ি ফেরার জন্য পুরাতন থানার পাশে সিএনজি স্টেশনে আসেন। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা কবির-রিজভীসহ ১০-১৫ জনের সংঘবদ্ধ দল অতর্কিতে তার ওপর হামলা চালায়। লোহার রড, হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

এবিষয়ে আহত ফকির জহির বলেন, আজ থেকে প্রায় ৬ মাস আগে আমার কাকা রিপনের ওপরও তারা রাতের আঁধারে হামলা করে। দীর্ঘ প্রায় ২ মাস ঢাকা মেডিকেলে আইসিইউতে থেকে তিনি মারা যান। এবিষয়ে ১৭ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করা হয়েছে। আজ আবার ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক ও তার ভাই সুমনের নেতৃত্বে মামলার আসামিরা হত্যার উদ্দেশে আমার ওপর হামলা করলো।

হামলার ব্যাপারে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। রাজনৈতিকভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, পূর্বে দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।