‘আবার নির্বাচন করতে পারব ভাবিনি’ প্রচারণায় নেমে লুৎফুজ্জামান বাবর 

বিএনপির মনোনয়ন নিশ্চিত এরপর দীর্ঘ ১৭ বছর পর আবারো প্রচারণায় নেমেছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে তার নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনা ৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) এলাকায় প্রচারণায় নামেন তিনি। এই সময় তিনি স্থানীয়দের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন।

এর আগে সকালে বাঁশরী মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এছাড়াও বারইবাজার, খাগুরিয়া, খেরজানি বাজার, কাইটাল ইউনিয়নের বিভিন্ন বাজারে প্রচার প্রচারণার পাশাপাশি ৩১ দফা লিফলেট বিতরণ করেন। 

এদিকে দীর্ঘদিন পর নেতাকর্মীরা হাওর পাড়া ভাটি বাংলার নেতা লুৎফুজ্জামান বাবরকে পেয়ে ফুল দিয়ে বরণ করে নেন। এই সময় তিনি নেতা কর্মীদের সঙ্গে কুশল বিনিময় সহ ২৬ এর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আবারো হাওর পারে মানুষের সেবা করার জন্য সুযোগ চান। 

দুপুরের পর সকল প্রচার-প্রচারণা শেষ করে নিজের এলাকা ছেড়ে আবারো ঢাকার উদ্দেশ্যে রওনা করেন তিনি। 

এর আগে গত শুক্রবার (১৪ নভেম্বর) বিএনপির মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজের নির্বাচনী এলাকায় আসেন তিনি। 

এরপর গেল চার দিন মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী বিভিন্ন এলাকায় ঘুরে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের আয়োজিত জনসভায় অংশগ্রহণ করেন।  

প্রায় প্রতিটি জনসভায় অংশ নিয়ে লুৎফুজ্জামান বাবর মহান আল্লাহতালার আর দলের প্রতি শুকরিয়া আদায় করেন। এই সময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারো নির্বাচন করতে পারব কখনো ভাবিনি। এজন্য মহান আল্লাহতালার কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা জনাব তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি। আবারো এই ভাটিবাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছে। 

নেত্রকোনার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছে। এবং আমার নির্বাচনী এলাকা নেত্রকোনার ৪ মদন, মোহনগঞ্জ খালিয়াজুরির ভাটি বাংলার মানুষ আমার জন্য রোজা রেখেছে, দোয়া করেছে, নামাজ পড়েছে। তাদের এই ঋণ আমি কখনোই ভুলতে পারবো না। আমি আমার পুরো জীবন তাদের জন্য যতটুকু পারি করে যাবো।