আসিফের মন্তব্যকে ‘ব্যক্তিগত’ বলে বাফুফের কাছে দুঃখ প্রকাশ বুলবুলের

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন বোর্ড পরিচালক তথা সঙ্গীতশিল্পী আসিফ আকবর। এ বিষয়ে বিসিবিকে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবশেষে সেই চিঠির জবাবে আসিফের বক্তব্যকে ‘ব্যক্তিগত’ উল্লেখ করে বাফুফের কাছে দুঃখপ্রকাশ করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ রবিবার বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বরাবর আমিনুল ইসলাম বুলবুল সাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স ২০২৫ অনুষ্ঠানে যে তথাকথিত বক্তব্যটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই বক্তব্যটি তিনি প্রদান করেছিলেন জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে, একজন বোর্ড পরিচালক হিসেবে নয়। আমার জানা মতে, তিনি তাঁর নিজ জেলার ক্রিকেট কার্যক্রম ও মাঠ ব্যবহার সংক্রান্ত কিছু দীর্ঘদিনের হতাশা ও জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের প্রেক্ষিতে সম্ভবত উক্ত বক্তব্য প্রদান করেছেন।’

চিঠিতে আরও লেখা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, কোনো ব্যক্তির ব্যক্তিগত মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলিত করে না। আপনার অবগতির জন্য আমি সুদৃঢ়ভাবে আরো জানাতে চাই যে, বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স ২০২৫-এ প্রদানকৃত বক্তব্যটি ছিল সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত অভিব্যক্তি এবং সেটিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য হিসেবে বিবেচনা করা সঙ্গত হবে না। যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত বা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

শেষে বলা হয়েছে, ‘বাংলাদেশে ক্রিকেট ও ফুটবল-উভয় খেলাই জাতির গর্বের প্রতীক। দেশের ক্রীড়া উন্নয়নে ফুটবলের অবদান অনস্বীকার্য, এবং আমরা ক্রিকেট বোর্ড হিসেবে সবসময়ই চাই, বাংলাদেশের সকল খেলাধুলা পারস্পরিক সম্মান, সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে এগিয়ে যাক। এছাড়াও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং দেশের ফুটবল খেলাধুলার উন্নয়নে পূর্ণ সমর্থন দিয়ে এসেছে, এবং ভবিষ্যতেও তাহা অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, খেলাধুলা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং ঐক্যের মাধ্যম। সেই বিশ্বাসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের সকল ক্রীড়া সংস্থার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।’

উল্লেখ্য, গত রবিবার বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স বক্তব্য দিতে গিয়ে আসিফ আকবর বলেছিলেন, ‘ফুটবলারদের জন্য খেলা যাচ্ছে না সারাদেশে। এরা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে। এ সমস্যা। আবার আবাহনী-মোহামেডান ফুটবল খেলা কুমিল্লা স্টেডিয়ামে। এ সমস্যা কেবল কুমিল্লায় নয়। প্রত্যেক জেলা স্টেডিয়াম দখল করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই সেখানেও দখল করে রেখেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত