সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২২ জন। আজ রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভা বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। ‎তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন।

‎প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, চট্টগ্রামমুখী একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অনেক হতাহতের ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৫টি লাশ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ ইমরান বলেন, এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।