চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মো. রিফাতুল ইসলাম নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ৯টায় সৈকতসংলগ্ন একটি খালের মুখ থেকে তার মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও প্রশাসনের সদস্যরা।
নিহত রিফাতুল ইসলাম (১৯) কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার খাইরুল ইসলামের ছেলে ও গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের বরাতে নৌবাহিনীর কর্মকর্তা মো. আবদুল্লাহ জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা থেকে পাঁচ বন্ধু গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। একপর্যায়ে তারা সমুদ্রে গোসল করতে নামলে পানির স্রোতে তলিয়ে যান। স্থানীয়দের সহযোগিতায় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও রিফাতুল ইসলাম নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা শনিবার বিকেল থেকেই উদ্ধার অভিযান শুরু করেন। তবে রাত হয়ে যাওয়ায় অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রবিবার সকালে আবার উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। কিন্তু স্থানীয়রা খালের মুখে একটি গাছের সঙ্গে মরদেহে আটকে থাকতে দেখে উদ্ধারকারী দলকে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন বলেন, সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
