পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ রাত ৯টার দিকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে এরই মধ্যে কাজ শুরু হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে।
এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গত কয়েকদিন থেকে বিক্ষিপ্তভাবে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।