মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে রাজধানী ঢাকার ৪টি গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর মহাখালী, আদাবর, তেজগাঁও ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের তথ্য দিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেট সংলগ্ন আসাদগেট মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেক এলাকায়; রাত ১১টার দিকে মহাখালী বাসস্ট্যান্ড এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।
শেরেবাংলা নগর থানা পুলিশ এক বার্তায় বলেছে, রাত সোয়া ৮ টার দিকে আসাদগেট জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেট সংলগ্ন মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে মোটরবাইকে এসে নাম না জানা দুজন একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোনো হতাহতর ঘটনা ঘটেনি এবং কাউকে আটক করা যায়নি।
বনানী থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, রাত ১১টার কিছু সময় আগে মহাখালী বাস স্ট্যান্ডে ককটেল ফাটিয়ে পালিয়ে যান কয়েকজন। এতে কেউ আহত হয়নি।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেক ৯ নম্বর রোডে ওয়ালটন প্লাজার সামনে একটি হাতবোমা বিস্ফোরিত হয়।
এরপর রাত সাড়ে ১১টার দিকে দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে কে বা কারা একটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে বলেও জানান তিনি।
এর আগে রাত সোয়া ৯টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।