বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান অঞ্চলে ‘এফ’ গ্রুপে গতকাল নিজেদের শেষ ম্যাচে পর্তুগাল ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই খেলতে নেমেছিল আর্মেনিয়ার বিপক্ষে। আগের রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় এদিন ছিলেন না সিআরসেভেন। আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচটা হেরে গেলে বিপদ ঘটতে পারত। তবে পর্তুগাল বড় (৯-১) ব্যবধানেই হারিয়েছে আর্মেনিয়াকে। এই জয়ের ফলে গ্রুপে শীর্ষে থেকেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে পর্তুগাল।
পর্তুগাল প্রথমার্ধেই ৫-১ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধে পর্তুগিজদের হয়ে গোল করেন রেনাতো ভেগা, গনজালো রামোস, জোয়াও নেভেস (দুটি) ও ব্রুনো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রুনো। নেভেসও করেন হ্যাটট্রিক। এবার বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট পর্তুগালের। সব কিছু ঠিক থাকলে রোনালদো ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চ মাতাবেন।
জিতেও অপেক্ষায় স্পেন : ই গ্রুপে জর্জিয়ার বিপক্ষে ম্যাচে শনিবার রাতে লামিন ইয়ামাল, রদ্রি, কারভাহাল, নিকো উইলিয়ামস ছিলেন না। তবে মাঠের খেলায় তাদের প্রভাব বুঝতে দেননি স্পেনের বাকি খেলোয়াড়রা। স্প্যানিশরা ৪-০ তে হারিয়েছে জর্জিয়াকে। বড় জয়ের পরও সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে অপেক্ষা করতে হচ্ছে লুইস দে লা ফুয়েন্তের দলকে।
চার দলের গ্রুপে পাঁচ রাউন্ডের সব জেতা স্পেন এখনো গাণিতিকভাবে বিশ্বকাপ নিশ্চিত না করলেও দ্বিতীয় স্থানের তুরস্কের পক্ষে তাদের টপকানো কার্যত সম্ভব নয় বলাই যায়। শেষ ম্যাচে তুরস্কর স্পেনকে টপকাতে হলে ৭ গোলের ব্যবধানে জিততে হবে। আর স্পেন ম্যাচ জিতলে বা ড্র করলে চলে যাবে বিশ্বকাপে, যদি ৬ গোলের ব্যবধানে হারে তুরস্কের কাছে তবু স্পেন যাবে বিশ্বকাপে। আর প্লে-অফ খেলতে হবে তুরস্ককে। প্রথম পর্বে ৬ গোলে স্পেনের কাছে হেরেছিল তুর্কিরা। তাই বলাই যায় ১৩তম টানা বিশ্বকাপের টিকিট হাতের মুঠোয় স্পেনের। তুরস্ক ২-০ তে বুলগেরিয়াকে হারিয়ে গ্রুপ রানার্স হওয়ার পথে রয়েছে।
বেলজিয়ামের ড্র : কাজাখস্তানের মাঠে ১-১ ড্র করে বেলজিয়াম নিশ্চিত করতে পারেনি ২০২৬ বিশ্বকাপের টিকিট। পাঁচ দলের গ্রুপ গ্রুপ ‘জে’-তে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বেলজিয়াম। দুই পয়েন্ট পিছিয়ে উত্তর মেসিডোনিয়া ও ওয়েলস। ওয়েলস জর্ডান জেমসের একমাত্র গোলে লিখটেনস্টাইনকে হারিয়ে ফাইনালে খেলার লড়াইয়ে টিকে আছে।
‘সি’ গ্রুপের ফয়সালা শেষ রাউন্ডে : বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান অঞ্চলে ‘সি’ গ্রুপে চারটি দল। শনিবার রাতে এই গ্রুপে পঞ্চম রাউন্ডের ম্যাচে গ্রিসের কাছে ৩-২ গোলে হেরেছে স্কটল্যান্ড। আর ডেনমার্ক ও বেলারুশের ম্যাচ ২-২ গোলে ড্র হয়। ফলে ৫ ম্যাচ শেষে ১১ পয়েন্টে শীর্ষে ডেনমার্ক, ১০ পয়েন্টে দুইয়ে স্কটল্যান্ড। এই দুই দল মুখোমুখি হবে শেষ রাউন্ডে, সেই ম্যাচে জয়ী দল সরাসরি যাবে বিশ্বকাপে, পরাজিত দল খেলবে প্লে-অফ। ম্যাচ ড্র হলেও ডেনমার্কই যাবে বিশ্বকাপে।
সুইসদের বিশ্বকাপ প্রায় নিশ্চিত : বি গ্রুপে পঞ্চম রাউন্ডের ম্যাচে সুইজারল্যান্ড ৪-১ গোলে হারিয়েছে সুইডেনকে। তাতে বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছে সুইসরা। চার দলের গ্রুপে ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১৩, কসোভোর সমান ম্যাচে পয়েন্ট ১০। শেষ ম্যাচে কসোভোর মুখোমুখি হবে সুইজারল্যান্ড।