আসিফের মন্তব্যে দুঃখ প্রকাশ বিসিবির

ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্যকে বিসিবির অবস্থান হিসেবে বিবেচনা না করার অনুরোধ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার মতে, আসিফের বক্তব্যটি ছিল ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে। ফুটবল পরিবার ও ভক্তদের মনে আঘাত দিয়ে থাকলে দুঃখপ্রকাশও করেছেন বিসিবি প্রধান।

বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বরাবর পাঠানো চিঠিতে বিসিবি সভাপতি দাবি করেন ‘বক্তব্যটি আসিফ দিয়েছিলেন জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে, একজন বোর্ড পরিচালক হিসেবে নয়। আমার জানা মতে, তিনি তার নিজ জেলার ক্রিকেট কার্যক্রম ও মাঠ ব্যবহার-সংক্রান্ত কিছু দীর্ঘদিনের হতাশা ও জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের পরিপ্রেক্ষিতে সম্ভবত উক্ত বক্তব্য প্রদান করেছেন।’ আর তাই, কোনো ব্যক্তির ব্যক্তিগত মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলিত করে না। এমন দাবি করলেও সেই বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন বিসিবি সভাপতি, ‘যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত বা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

গত ৯ নভেম্বর ফুটবল ও ফুটবলারদের তীব্রভাবে আক্রমণ করে আসিফ বলেছিলেন, ‘ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না, সারা দেশে। এরা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে। প্রতিটি জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল। ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, এটা আমি সরাসরি বলতে চাই।’ তিনি বলেন, ‘ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজন একটু ভদ্র। আমি আবার অত ভদ্র না... যদি ফুটবল মারপিট করে, আমিও মারপিট করব, নো প্রোবলেম... যে যেমন, তার সঙ্গে তেমন করতে হবে।’