৩৩ বছর পর সিনেটে যাচ্ছে জাকসুর ৫ প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের দুইমাস পর নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত তৃতীয় কার্যনির্বাহী সভায় সকল সদস্যের মতামতের ভিত্তিতে সিনেটের ৫ জন ছাত্র প্রতিনিধি চূড়ান্ত করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে তৃতীয় কার্যনির্বাহী সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে রাত সাড়ে ১২টার দিকে পাচঁজন ছাত্র প্রতিনিধি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জাকসুর সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু। 

সিনেট ছাত্র প্রতিনিধি হিসেবে চূড়ান্ত হওয়া জাকসু সদস্যরা হলেন- সহ সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, নারী সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আয়েশা সিদ্দিকা মেঘলা, পুরুষ সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান এবং পরিবেশ ও প্রকৃতি বিষয়ক সম্পাদক সাফায়েত মীর। এর মধ্যে সহসভাপতি বাদে বাকি চারজন শিবির সমর্থিত প্যানেল থেকে জাকসুতে নির্বাচিত হন।

সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের বিষয়ে ভিপি (সহসভাপতি) আবদুর রশিদ জিতু বলেন, সভায় জাকসুর সকল সদস্যের মতামতের ভিত্তিতে সিনেটে ছাত্র প্রতিনিধি চূড়ান্ত করা হয়েছে।  

উল্লেখ্য, জাকসু নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০ পদে জয়লাভ করে ছাত্রশিবির সমর্থিত সম্বনিত শিক্ষার্থী জোট প্যানেল। বাকি ৫টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে আবদুর রশিদ জিতু, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বর্তমান নাম জাতীয় ছাত্রশক্তি) সমর্থিত প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে আহসান লাবিব ও কার্যকরী সদস্য পদে মোহাম্মদ আলী চিশতী নির্বাচিত হন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ মহিবুল্লাহ জিসান ।