কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে সব ধরনের নাশকতা ঠেকাতে শরীয়তপুরের নাওডোবা এলাকাসহ জেলার বেশ কয়েকটি স্থানে অবস্থান নিয়েছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) ভোর রাত থেকে শরীয়তপুরের জাজিরার নাওডোবা পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে এলাকায় শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলামের নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করা হয়। এছাড়া শরীয়তপুর জেলার বিভিন্নস্থানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সদস্য ও সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে বিএনপির নেতাকর্মীরা শেখ হাসিনার বিচার ফাঁসির দাবি জানান।
এদিকে জেলায় সব ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও র্যাব সদস্যদের। এছাড়া নিরাপত্তা জোরদার ও জেলার বিভিন্নস্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের তুলনায় যানবাহন কম দেখা গেছে।
শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম বলেন, জাতীয়তাবাদী দল আজ মাঠে নেমেছে। তার সঙ্গে সঙ্গে জনগণ স্বতঃস্ফূর্তভাবে মাঠে রয়েছেন। দেশের মানুষ খুনি হাসিনার বিচার চায়, খুনি হাসিনার ফাঁসি চায়। আমরা জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী, আইনের শাসনে বিশ্বাসী। শেখ হাসিনা ও তার সরকার যেভাবে মানুষকে হত্যা করেছে, দেশের মানুষের টাকা লুট করেছে, ভোটের অধিকার হরণ করেছে। তাই আমরা বিশ্বাস করি আইন তার সঠিক ন্যায় বিচার করবে। শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করবে।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুণ্ডা বাহিনী নাশকতা করার চেষ্টা করলে আমরা মাঠে থেকে তা প্রতিহত করবো। আমরা দেশ রক্ষায় সবসময় মাঠে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।