বেতন বৈষম্যের প্রতিবাদে 

আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় এক করপোরেশন, এক পে-স্কেল বাস্তবায়ন ও কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ঘণ্টব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কারখানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে কারখানার সকল শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন। 

কালেক্টিভ বার্গেইনিং এজেন্টের  (সিবিএ বা যৌথ দরকষাকষি প্রতিনিধি) সাধারণ সম্পাদক মো. আবু কাউসার জানান, শুধুমাত্র টেকনিশিয়ান ও অপারেটরদের মজুরি স্কেলে রেখে বাকি সবাইকে জাতীয় পে স্কেলে  বেতন-ভাতা দেওয়া হয়। একই কারখানার শ্রমিক-কর্মচারীদের জন্য দুইটি বেতন কাঠামো বৈষম্যমূলক।

এ সময় সমাবেশ থেকে বিক্ষুব্ধরা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ঘোষণা দেন।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. আবু কাউসার ও বাংলাদেশ কেমিকেল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। এর ফলে প্রতিদিন গড়ে সাড়ে ১১শ’ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।