বাংলাদেশ দলের সবচেয়ে পরিশ্রমী ও শৃঙ্খলিত ক্রিকেটারদের একজন—মুশফিকুর রহিম। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে সেই শৃঙ্খলাই তাঁকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের দোরগোড়ায় দাঁড় করিয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামী পরশু থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু দ্বিতীয় টেস্টই হবে মুশফিকের ক্যারিয়ারের ১০০তম ম্যাচ।
এই মাইলফলক নিয়ে আজ মিরপুরে মুখ খুললেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হেনরিখ মালান। স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের এমন ঐতিহাসিক মুহূর্তকে তিনি সম্মান জানালেন। তবে মাঠের লড়াইয়ে একটুও ছাড় দিতে রাজি নন।
মুশফিক নিয়ে প্রশ্ন করা হলে মালান প্রথমেই তুলে ধরলেন তাঁর পেশাদারিত্বের উদাহরণ, 'আমি বলব, তাঁর পেশাদারত্বই অন্যদের থেকে আলাদা করে। আমি ভোরে ওঠা মানুষ; প্রতিদিন সকাল পৌনে ছয়টায় হোটেলে দেখি সে নাশতা করছে। সবার আগে বাসে ওঠে। মাঠে এসে ওয়ার্ম আপ, স্ট্রেচিং, ব্যাটিং অনুশীলন—সবই সে করে ফেলে, যখন অন্যরা কেবল মাঠে পৌঁছায়। পর্দার আড়ালে এত কাজ করলে আলো তো আসবেই।'
টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ডের যাত্রা খুব সাম্প্রতিক। ২০১৮ সালে অভিষেকের পর সাত বছরে দলটি খেলেছে মাত্র ১০টি টেস্ট (সিলেট ম্যাচসহ ১১)। সে তুলনায় কোনো দেশের একজন ক্রিকেটারের ১০০ টেস্ট—মালানের কাছে তা বিশাল অর্জন, ‘দেশের হয়ে ১০০ টেস্ট খেলা বিশাল অর্জন। আমরা দল হিসেবেই মাত্র ১০টা টেস্ট খেলেছি। সেটিই বলে দেয়, সে কতটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, কতটা কঠোর পরিশ্রম করেছে।’
তবে প্রশংসার পরই প্রতিপক্ষ কোচের স্বভাবসুলভ চাওয়াটাও জানাতে ভুললেন না তিনি, ‘আশা করি আগামী পাঁচ দিন তাঁর জন্য খুব একটা ভালো যাবে না (হাসি)। তবে শততম টেস্টের জন্য তাঁকে অভিনন্দন।’