মুশফিককে নিয়ে মাহমুদউল্লাহর আবেগঘন বার্তা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মুশফিকুর রহিমের অবসর ঘোষণার পর দীর্ঘদিনের সতীর্থ ও ভায়রাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মুশফিকের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁকে বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে অভিহিত করেন তিনি।

আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ৩৯ বছর বয়সী মুশফিক। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল সংবাদমাধ্যমে জানান, মুশফিকের অনুরোধেই তাঁর অবসরের এই সিদ্ধান্তটি তিনি ঘোষণা করছেন।

রোববার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মাহমুদউল্লাহ লেখেন, ‘মাশাআল্লাহ, অবসর এবং অসাধারণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন। বহু বছর ধরে তোমাকে খুব কাছ থেকে দেখেছি এবং একজন খেলোয়াড় ও ভাই হিসেবে সব সময় প্রশংসা করেছি। বছরের পর বছর তুমি ক্রিকেটের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছ এবং আল্লাহ সব সময় তোমার প্রতি সদয় ছিলেন। নিঃসন্দেহে তুমি বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার।’

মুশফিকের ব্যক্তিগত গুণাবলির প্রশংসা করে তিনি আরও যোগ করেন, ‘নিজ দেশ ও ক্রিকেটের একজন দারুণ দূত। ধর্মের প্রতি অত্যন্ত নিবেদিতপ্রাণ চমৎকার একজন মানুষ। তোমার ভবিষ্যতের পথচলার জন্য শুভকামনা। হৃদয় থেকে শ্রদ্ধা।’

বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ও সফল জুটিগুলোর একটি মাহমুদউল্লাহ ও মুশফিকের। ২০০৫ সালে লর্ডসে টেস্ট অভিষেক হয় মুশফিকের, আর ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার সঙ্গে তাঁরা দুজনও ছিলেন বাংলাদেশের বিখ্যাত ‘পঞ্চপাণ্ডব’ প্রজন্মের অবিচ্ছেদ্য অংশ।

মাঠের বাইরের সম্পর্কেও তাঁরা পরস্পরের আত্মীয়। ২০১১ সালে জান্নাতুল কাওসার মিষ্টিকে বিয়ে করেন মাহমুদউল্লাহ, আর ২০১৪ সালে মিষ্টির ছোট বোন জান্নাতুল কিফায়াত মন্ডিকে বিয়ে করেন মুশফিকুর রহিম।

লাল-সবুজের জার্সিতে একসঙ্গে বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন এই দুই ব্যাটার। এর মধ্যে ২০১৫ আইসিসি বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়টি অন্যতম; সেদিন মাহমুদউল্লাহর ঐতিহাসিক সেঞ্চুরি ও মুশফিকের ৮৯ রানের ইনিংসে ভর করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

উল্লেখ্য, ২০২২ সালে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের মার্চে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছিলেন মুশফিক। ১০৮ টেস্টে ১৪টি সেঞ্চুরিসহ ৭ হাজার ৬২ রান করে তিনি এখন পর্যন্ত টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক। অন্যদিকে, ২০২১ সালে টেস্ট ও ২০২৪ সালে টি-টোয়েন্টি ছাড়ার পর ২০২৫ সালের মার্চে ওয়ানডে থেকে অবসরের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন মাহমুদউল্লাহ।

সর্বশেষ সর্বাধিক পঠিত