ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে গরু বোঝাই একটি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ছিনতাইকারীরা ট্রাক চালক ও গরুর ব্যবসায়ীকে জিম্মি করে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রেখে ৬টি গরু ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
সোমবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার কাঠের পুল এলাকার বন বিভাগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, ছিনতাই হওয়ার মাত্র দুই মিনিটের মধ্যেই টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তারা দ্রুত কোনও পদক্ষেপ নেয়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, আমরা দিনাজপুর থেকে ট্রাক বোঝাই ৮টি গরু নিয়ে ট্রাকটি চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। দাউদকান্দি ব্রিজ পার হওয়ার কিছুক্ষণ পর সামনে একটি গাড়ি ব্যারিকেড দিয়ে দাঁড়ালে ট্রাকটি থামতে বাধ্য হয়। পরে তাদের জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে রেখে ৬টি গরু ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার পরপরই একটি সিএনজি ভর্তি পুলিশ ঘটনাস্থলে এলেও তারা প্রথমে কিছুই করেনি। আমরা অনুরোধ করলে পুলিশ উল্টপথে নিয়ে যায় এবং ছিনতাইকারীরা যে রাস্তায় পালিয়েছে সেখানে না গিয়ে বলে, ওটা আমাদের এলাকা নয়। পরে চান্দিনা থানায় অভিযোগ দিতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, মূল ছিনতাই দাউদকান্দি এলাকায় হয়েছে, তাই অভিযোগ সেখানে দিতে হবে।
এ বিষয়ে ট্রাক চালক রুকনুজ্জামান বলেন, গাড়ি থামানোর পর প্রথমে আমাকে পেটায়। এরপর হাত-পা বেঁধে তাদের গাড়িতে তোলে। পরে তারা আমার ট্রাকটি চালিয়ে কাঠের পুল এলাকায় এনে ৬টি গরু অন্য গাড়িতে তোলে। ওই গাড়িতে জায়গা না থাকায় বাকি ২টি গরু ফেলে যায়।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম দাবি করেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, চারদিকে খোঁজ করেছি, কিন্তু ছিনতাইকারীদের পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।