মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে রবিউল ইসলাম (২২) নামে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নিহত হয়েছেন।

ইউপি চেয়ারম্যান কামরুল আহসান খান বলেন, “ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় রবিউল ইসলাম নামের একজন মারা গেছে। আরও কয়েকজন আহত হয়েছে। তবে কী নিয়ে সংঘর্ষ হয়েছে তা নিশ্চিত নই।”

বাবুগঞ্জ থানার ওসি পলাশ সরকার জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাবেক প্রধানমন্ত্রীর ফাঁসির রায়কে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল মিষ্টি বিতরণ করে। আর এই মিষ্টি বিতরণকে কেন্দ্র করেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। 

সংঘর্ষে কয়েকজন আহত হন। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।