কাতারের দোহায় দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে আকবর আলীর দল। আজ আফগানিস্তান ‘এ’ দলকে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে রিপন মণ্ডল ও রাকিবুল হাসানের সুনির্দিষ্ট বোলিং আক্রমণে ১৮.৪ ওভারে মাত্র ৭৮ রানে অলআউট হয় আফগানিস্তান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিশ্চিত ব্যাটিংয়ে এগোতে থাকে বাংলাদেশ। ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ফেলে আকবররা।
এর আগে হংকংয়ের বিপক্ষেও দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে হংকং দিয়েছিল ১৬৮ রানের টার্গেট। জবাবে ওপেনার হাবিবুর রহমান মাত্র ৩৫ বলে রেকর্ড সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচটি একাই প্রায় শেষ করে দেন। ৯ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। অধিনায়ক আকবর তো মাত্র ১৩ বলে করেন অপরাজিত ৪১ রান।
আজকের ম্যাচেও বোলিংয়ে দারুণ ছিল টাইগার যুবদল।
- রিপন মণ্ডল – ৪ ওভারে ১০ রান, ৩ উইকেট
- রাকিবুল হাসান – ৪ ওভারে ৭ রান, ৩ উইকেট
- এসএম মেহেরব – ১৪ রানে ২ উইকেট
এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা ও তৃতীয় স্থানে আফগানিস্তান। তিন দলেরই তিন ম্যাচ শেষে পয়েন্ট সমান ৪ হতে পারে, তবে নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশের সেমিফাইনাল সম্ভাবনাই বেশি।
বাংলাদেশের নেট রান রেট এখন +৪.০৭৯, শ্রীলঙ্কার +১.৩৪১ ও আফগানিস্তানের +০.১২২।