২০২৬ বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বে আবারও নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিল জার্মানি। সোমবার রাতে লাইপজিগে গ্রুপ ‘এ’–এর গুরুত্বপূর্ণ ম্যাচে স্লোভাকিয়াকে ৬–০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচে অন্তত ড্র করলেই স্বয়ংক্রিয়ভাবে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপে উঠত জার্মানি। অন্যদিকে জয় পেলে সরাসরি বিশ্বকাপের পথ খুলে যেত স্লোভাকিয়ার সামনে। কিন্তু শুরু থেকেই দাপট দেখিয়ে কোনো অঘটনের সুযোগই রাখেনি জুলিয়ান নাগেলসমানের দল।
নিউক্যাসল ইউনাইটেডের ফরোয়ার্ড নিক ওল্টেমাডে আগের ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। সেই ধারাবাহিকতা ধরে রেখে এ ম্যাচেও জোশুয়া কিমিখের ক্রসে শক্তিশালী হেডে জার্মানিকে এগিয়ে দেন তিনি।
এরপরই একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় স্লোভাকিয়া। লিওন গোরেটস্কার দারুণ থ্রু পাস থেকে সার্জ জিনাব্রি জালে জড়ান দ্বিতীয় গোল। এরপর ফ্লোরিয়ান ভির্টজের নিখুঁত ক্রস থেকে লেরয় সানে তৃতীয় গোল করেন। বিরতির আগ মুহূর্তে ভির্টজ–সানে জুটি আবারও চমক দেখিয়ে ব্যবধান বাড়ায় ৪–০ তে।
দ্বিতীয়ার্ধটা তুলনামূলক শান্ত হলেও ৬৫ মিনিটে জিনাব্রির পাস থেকে রিডলে বাকু করেন দলের পঞ্চম গোল—জার্মানির হয়ে যা তার প্রথম গোল ২০২১ সালের পর। ম্যাচে বদলি হিসেবে নামা তরুণ আসান ওউএদ্রাওগো এর দুই মিনিট পরই গোল করে বড় জয়ের পূর্ণতা দেন।
এ জয়ে শুধু আক্রমণভাগের ঝলক নয়, টানা চার ম্যাচ ক্লিনশিট রেখেও নিজেদের রক্ষণভাগের দৃঢ়তা প্রমাণ করেছে জার্মানি। ম্যাচের শুরুতে স্লোভাকিয়া সমতা ফেরানোর কাছাকাছি গিয়েছিল; কিন্তু গোলরক্ষক অলিভার বাউমান দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন।
পরাজয়ের ফলে সরাসরি কোয়ালিফাই করা হলো না স্লোভাকিয়ার। এখন তাদের সামনে প্লে–অফের লড়াই।