ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে চলতি বছরের ১৪ জুন মর্মান্তিক দুর্ঘটনায় নাবিল কোচের ৩ যাত্রী নিহতের ঘটনায় পলাতক কোচ চালক হামিদুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে সোমবার (১৭ নভেম্বর) রাত পৌনে ২টায় হামিদুল ইসলামকে তার বাড়ি থেকে র‌্যাব সিপিসি-১ ও সিপিসি-২ তাকে গ্রেপ্তার করে।  

গ্রেপ্তার কোচ চালক হামিদুল ইসলাম পঞ্চগড় জেলার বোদা থানার সুতিপকরী গ্রামের আজিজুল ইসলামের ছেলে। 

জানা যায়, ১৩ জুন পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে নাবিল পরিবহনের একটি কোচ (ঢাকা মেট্রো-ব-১৪-৭২৭৭) ছেড়ে যায়। কোচটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর মোড়ে পৌঁছে সেখানে একটি আম বোঝাই করা মিনি ট্রাককে পেছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। এতে নাবিল পরিবহনের কোচটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে তামান্না আক্তারসহ (২৫) ও ৩ জন কোচ যাত্রী মৃত্যুবরণ করে। এতে বেশ কয়েকজন যাত্রী আহতও হয়েছেন। দুর্ঘটনার পর কোচ চালক হামিদুল ইসলাম পালিয়ে গিয়ে আত্মগোপনে ছিল। পরে নিহত তামান্নার বাবা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ও নীলফামারীর র‌্যাব সদস্যরা তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।  

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত কোচ চালক হামিদুল ইসলামকে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।