হাসিনার পক্ষে পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে দিল শিক্ষার্থীরা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়। এই রায়ের পর শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড বানিয়ে পোস্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহ।

সোমবার রাতে লাভলুর বাসার সামনে জড়ো হন প্রক্টরিয়াল টিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। পরে শাহবাগ থানার পুলিশ গিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আগের একটি মামলায় লাভলুর সম্পৃক্ততা পাওয়া গেছে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এ জন্য আজ তাকে আদালতে তোলা হবে।

সোমবার রাতে আটক হওয়ার আগে একটি ভিডিও বার্তা প্রচার করেন লাভলু। এতে লাভলু বলেন, তিনি কোনো অন্যায় করেননি। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, লাভলু ছাত্রজীবনে ঢাবির মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

ঘটনার বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন–বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘লাভলুরে পুলিশের হাতে সোপর্দ কইরা এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে। এই জায়গায় কেউ তোষামোদি বা ক্ষমতার লোভে আসি নাই আমরা, ২০০০ শহিদের রক্তের ওপর দাঁড়াইয়া তাদের জন্য ইনসাফ আনার শপথ নিয়ে আসছি। এইখানে গাদ্দার ও গাদ্দারির কোনো স্থান নাই।’

জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় গতকাল সোমবার ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।