কুমিল্লায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা আক্তার রীমাকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী জিয়াউদ্দিন নাসিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নাসির আদালতে উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি ভুক্তভোগীর ভাসুর মহিউদ্দিন মাসুম ও জা শাহনাজ বেগমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইউসুফ আলী।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান রীমা। সে সময় তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পর স্বামীপক্ষ দাবি করে, পারিবারিক কলহের জেরে রীমা আত্মহত্যা করেছেন।
তবে ভুক্তভোগীর বাবা বাহার মিয়া অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রীমার স্বামী নাসির, ভাসুর মাসুম ও জা শাহনাজকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার অভিযোগে আসামি করা হয়।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সাক্ষ্য–প্রমাণে স্বামী জিয়াউদ্দিন নাসিরের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. ইউসুফ আলী বলেন, ‘সাক্ষ্য–প্রমাণ বিবেচনা করেই আদালত রায় দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’