‘জয় বাংলা’ গানে টিকটক ভিডিও, কলেজ ছাত্র গ্রেপ্তার

ফেনীর পরশুরাম উপজেলায় ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গানের সাথে টিকটক ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করায় ১৭ বছর বয়সী তরুণ কামরুল হাসানকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার খন্ডল স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও পরশুরাম উপজেল বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের সুজায়েত খান ছুট্ট মিয়ার ছেলে।

সোমবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কামরুলকে গত ৩ এপ্রিলে বক্সমাহমুদ বাজারের রাজনৈতিক নেতাদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মিজানুর রহমানের একটি মামলায় আসামি করা হয়েছে। কামরুল স্থানীয় ছাত্রলীগ রাজনীতির সঙ্গে জড়িত এছাড়াও পলাতক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ রয়েছে। তিনি রাস্তার ওপরে দাঁড়িয়ে রাজনৈতিক গান দিয়ে টিকটক ভিডিও বানিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছে। 

সুজায়েত খান ছুট্ট মিয়া বলেন, তিনি একজন হতদরিদ্র কৃষক, বর্তমানে শারীরিকভাবে অসুস্থ, তার ছেলে খন্ডল স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জয় বাংলা জিতবে এবার নৌকা গানের সাথে টিকটক করে ফেসবুকে পোস্ট করায় পুলিশ গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে ধরে নিয়ে আসে। তার ছেলে কোন রাজনীতির সাথে জড়িত নন বলে তিনি দাবি করেছেন।

এ বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল হাকিম বলেন, আটক তরুণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল। এছাড়াও সে রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা জিতবে এবার নৌকা গান দিয়ে টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।