দেশের স্বর্ণবাজারে আবারও মূল্য কমানোর ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৬৪ টাকা কমানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা, যা ১৯ নভেম্বর (বুধবার) থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বাজুসের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
সংশোধিত দামের তালিকা অনুযায়ী: ২২ ক্যারেট: ভরি ২,০৬,৯০৮ টাকা, ২১ ক্যারেট: ভরি ১,৯৭,৪৯৫ টাকা, ১৮ ক্যারেট: ভরি ১,৬৯,২৯১ টাকা, সনাতন পদ্ধতি: ভরি ১,৪০,৭৬১ টাকা, বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার–নির্ধারিত ৫% ভ্যাট এবং সংগঠন–নির্ধারিত ৬% ন্যূনতম মজুরি যোগ হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে ১৫ নভেম্বর স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করে বাজুস। সেদিন ভরিতে ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ঠিক করা হয়েছিল ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা, যা ১৬ নভেম্বর থেকে কার্যকর হয়েছিল। তখন ২১ ক্যারেটের দাম ছিল ১,৯৮,৮০১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১,৭০,৩৯৯ টাকা এবং সনাতন স্বর্ণের দাম ১,৪১,৭১৮ টাকা।
তবে স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার বাজারে কোনো সমন্বয় হয়নি। বর্তমানে : ২২ ক্যারেট রুপা: ভরি ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট রুপা: ভরি ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপা: ভরি ৩,৪৭৬ টাকা, সনাতন রুপা: ভরি ২,৬০১ টাকা দামে বিক্রি হচ্ছে।