কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালক নিহত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় রিপন মিয়া (৫০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকের হেল্পার কামাল হোসেন (৩৪) আহত হন। 
বুধবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর সম্রাট ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পটিয়াখালী গ্রামের মো. শাজাহান মিয়ার ছেলে।

মহিপাল হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকার সম্রাট ফ্যাক্টরি সামনে ঢাকা মুখি লেইনে একটি কাভার্ডভ্যান হঠাৎ রাস্তার উপর ব্রেক কষে ধরে দাঁড়িয়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রন করতে না পেরে কাভার্ডভ্যানের পিছনে স্ব-জোরে ধাক্কা দেয়।

এ সময় ট্রাকের চালক মো. রিপন মিয়া (৫০) ঘটনাস্থলে মারা যান। আহত হন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার হেল্পার কামাল হোসেন (৩৫)। তাকে সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ট্রাফিক পুলিশ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় চালককে বাহির করে ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। কাভার্ডভ্যানটির চালক পুলিশ আসার আগেই ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।