ফিলিপাইনে দুই শীর্ষ মন্ত্রীর পদত্যাগে রাজনৈতিক ঝড়

ফিলিপাইন প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়রের সরকারের দুই মন্ত্রী অবৈধ অবকাঠামো ও বিলিয়ন ডলারের বাজেট ঘাটতির মামলায় পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেসিডেন্টিয়াল প্রেসব্রিফার ক্লেয়ার কাস্ত্রো জানিয়েছেন, নির্বাহী সচিব লুকাস বারসামিন এবং বাজেট ও প্রশাসন সচিব অ্যামেনাহ পাঙ্গানডামান নিজেদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

কাস্ত্রো বলেন,বন্যা প্রতিরোধমূলক অবকাঠামোর জন্য বরাদ্দকৃত অর্থের দুর্ব্যবহার ও চুরির কেলেঙ্কারিতে কর্মকর্তারা অভিযুক্ত। তারা পদত্যাগের মাধ্যেম প্রশাসনকে বিষয়টি যথাযথভাবে সমাধান করার সুযোগ দিয়েছেন।
 
এবারের পদত্যাগ মার্কোস সরকারের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি প্রভাবিত করছে এবং জুলাই থেকে শুরু হওয়া দুর্নীতি কেলেঙ্কারির প্রেক্ষাপটে এটি বড় ধাক্কা। বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট নিজে আপাতত বিতর্কের বাইরে থাকলেও পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে।

এই কেলেঙ্কারিতে অভিযোগ উঠেছে যে সরকারি বাজেট থেকে প্রাপ্ত অর্থে দুর্নীতিপূর্ণ বা নিম্নমানের বন্যা প্রতিরোধমূলক অবকাঠামো নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যেই দেশজুড়ে বিক্ষোভ চলছে এবং ম্যানিলার বিক্ষোভে সম্প্রতি ৫ লাখ মানুষ অংশ নিয়েছে।