সেঞ্চুরি টেস্টে হাফসেঞ্চুরি করলেন মাশরাফীর ‘বান্টুদা’

‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিমের আরেকটা নাম আছে, যে নামে তার সমসাময়িক সতীর্থরা ডেকে থাকেন। প্রায় সবাই জানেন, সেই নামটি হলো ‘বান্টুদা’। মুশফিককে শততম টেস্টের শুভেচ্ছা জানাতে গিয়ে অনেকদিন পর নামটিকে সামনে আনলেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে আজ বুধবার দুপুর ১টা ৩৯ মিনিটে মাশরাফী তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেন, ‘মুশফিক, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে ১০০ টেস্ট ম্যাচ খেলতে নামছো তুমি। আমাদের দেশের ক্রিকেটের বাস্তবতায় অসাধারণ এক অর্জন এটি। টেস্ট ক্রিকেটের প্রতি তোমার ভালোবাসা, নিবেদন ও প্যাশন সত্যিই অনন্য। ২০ বছরের বেশি সময় ধরে টপ লেভেলে এভাবে খেলে যাওয়া দারুণ গর্বের।’

মাশরাফী আরও লিখেছেন, ‘আশা করি, তোমাকে দেখে অনেক তরুণ ক্রিকেটার অনুপ্রাণিত হবে, টেস্ট ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ার গড়তে উজ্জীবিত হবে। দোয়া করি, যতদিন খেলবে, যেন দলের জন্য আরও অবদান রাখতে পারো। শুভ কামনা, মুশফিকুর রহিম (বান্টু দা)।’মুশফিককে নিয়ে মাশরাফী বিন মোর্ত্তজার পোস্ট।

পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য মাশরাফির এই পোস্টের কিছু পরেই তৃতীয় সেশনের শুরুতে টেস্ট ক্যারিয়ারের ২৮ নম্বর ফিফটি তুলে নেন মুশফিক। তার আগেই অবশ্য মুমিনুল হকও ক্যারিয়ারের ২৪তম হাফসেঞ্চুরি করেছেন। সকালে ৯৫ রানে তিন উইকেট পতনের পর এই দুজনের জুটিতেই এগোতে থাকে বাংলাদেশ।

তবে মুমিনুল ইনিংস বড় করতে পারেননি। ব্যক্তিগত ৬৩ রানে ক্যাচ দিয়ে মুমিনুল ফিরতেই ভাঙে চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬৫ ওভারে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ২১০ রান। মুশফিক ৫৮ রানে অপরাজিত আছেন।