‘শ্রমিক লীগ’ থেকে ‘শ্রমিক দল’ নেতা শরীফুল গ্রেপ্তার

রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি ‘শ্রমিক লীগ’ থেকে ‘শ্রমিক দল’ নেতা বনে যাওয়া কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সিবিএ নেতা সেই ‘দাদাভাই’ শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা পুলিশ।

গত ১৭ নভেম্বর বিকেল ৫টার দিকে নগরের ষোলশহর ২ নম্বর গেট কৃষি ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার হয়। তবে বিষয়টি জানাজানি হয় আজ বুধবার। গতকাল মঙ্গলবার তাকে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দেশ রূপান্তরকে বলেন, ‘কেজিডিসিএল’র সিবিএ নেতা শরীফুল ইসলামকে ১৭ নভেম্বর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।

শরীফুল ইসলাম (৫৯) নওগাঁ জেলার রাম রায়পুর শৈলগাছি গ্রামের আবদুল গফুরের ছেলে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি ভোল পাল্টে বনে যান শ্রমিক লীগ থেকে শ্রমিক দল নেতা। তিনি বর্তমানে কেজিডিসিএল শ্রমিক ইউনিয়নের (২৭৭০) সভাপতি। সংস্থাটির বিক্রয় (দক্ষিণ) বিভাগের সহকারী হিসেবে কর্মরত। রাতারাতি রং বদলানো এই নেতার দাপটে অতিষ্ঠ ছিল কেজিডিসিএল’র অনেক কর্মকর্তা-কর্মচারী।

তার বিষয়ে জানতে একাধিবার কল করা হলেও মোবাইল ফোন রিসিভ করেননি কেজিডিসিএল’র বিক্রয় (দক্ষিণ) বিভাগের উপমহাব্যবস্থাপক অনুপম দত্ত।

তবে এর আগে শরীফুল সম্পর্কে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন, ‘এটা আমার কাছে বিব্রতকর একটা বিষয়। তিনি (শরীফুল) আগে করতেন শ্রমিক লীগ। রাজনৈতিক পটপরিবর্তনের পর বনে গেছেন শ্রমিক দল নেতা। তার সম্পর্কে কি আর বলা।’

শরীফুল নিজেকে শ্রমিক দলের নেতা দাবি করলেও ২০২০ সালের ২৩ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের তৎকালীন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কেএস আজম খসরু স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে (শরীফুল) জাতীয় শ্রমিক লীগ,  কেজিডিসিএল শাখা কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির শীর্ষ পর্যায়ের এক  নেতাকে ‘ম্যানেজ’ করে রাতারাতি শ্রমিক লীগ থেকে শরীফুল বনে যান জাতীয় শ্রমিক দল নেতা। গত বছর অক্টোবর মাসে আদালত কর্তৃক মেয়র ঘোষণার পর চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনকে শুভেচ্ছা জানিয়ে কেজিডিসিএল কার্যালয়ে ব্যানার টানান শরীফুল। পরে ডা. শাহাদাত হোসেনের নির্দেশে ওই ব্যানারটি সরিয়ে ফেলতে বাধ্য হন তিনি।

জানা গেছে, শরীফুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের ভাতিজা। কেজিডিসিএলে তিনি ‘দাদাভাই’ নামে পরিচিত। সংস্থার এক কর্মকর্তার অভিযোগ, দীর্ঘদিন ধরে কেজিডিসিএল সিন্ডিকেট গঠন করে নিয়োগ, বদলি ও অবৈধ গ্যাস সংযোগবাণিজ্য চালিয়ে আসছিলেন ‘দাদাভাই’ শরীফুল।