বরিশালের গৌরনদীতে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১৪ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন।
বিপুল হোসেন দেশ রূপান্তরকে বলেন, “সাকুরা পরিবহনটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি পাশের পকেট রাস্তা থেকে বেপরোয়া গতিতে মহাসড়কে ওঠে। তাৎক্ষণিক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দ্রুতগতির সাকুরা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাঁদে পড়ে যায়।”
খবর পেয়ে গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা মাঝারি হলেও সবাই চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতাকে দায়ী করছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব রয়েছে, যা যানবাহন চলাচলে ঝুঁকি বাড়িয়েছে। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।