হাতিয়ায় বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন সনাতন ধর্মালম্বীরা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমকে হাত তুলে সমর্থন জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মালম্বীরা। আজ বুধবার বিকেলে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমে নবান্ন উৎসবে এ সমর্থন জানান তারা।

অনুষ্ঠানের এক পর্যায়ে মন্দিরের সভাপতি ধনেশ্বর চন্দ্র দাস সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য হাত তুলে দেখাতে বলেন। এ সময় সবাই দুই হাত তুলে সমর্থন জানান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়া থেকে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম, শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি ধনেশ্বর চন্দ্র দাস, সাবেক ইউপি সদস্য সুনীল চন্দ্র দাস, পুরহীত বিন্দ্ব্যা সাধু, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি রিপন দন্দ্র দাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিল্লাতুর রহিম মিল্লাত, উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন, হাতিয়া পৌরসভা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচির আইয়ুব চৌধুরীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিএনপির কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম নোয়াখালী-৬ হাতিয়া আসন থেকে ধানের শীষের মনোনয়ন পান। নির্বাচনী প্রচারণার অংশ  হিসেবে তিনি প্রতিদিন হাতিয়ার বিভিন্ন এলাকায় গণ সংযোগ, উঠান বৈঠক ও সভা সমাবেশ করেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মাহবুবের রহমান শামীম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল আমাদের প্রধান দায়িত্ব। আশা করছি আমরা তা করতে পেরেছি। আগামী দিনগুলোতেও আমরা হিন্দু-মুসলিম এক সঙ্গে কাটাতে চাই। এ জন্য সহনশীল পরিবেশ তৈরি করতে যা যা প্রয়োজন আমরা তা করব। তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।