রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট বন্ধ ছিল বিমান উড্ডয়ন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে শিয়াল চলে আসায় ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট বিলম্বিত হয়েছে। প্রায় ২৬ মিনিট আটকে থাকার পরে উড্ডয়ন করে ঢাকাগামী একটি ফ্লাইট।

আজ বুধবার সকাল সাড়ে এগারটায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল ১১টা ৪০ মিনিটে বিমানটির উড্ডয়নের কথা ছিল। কিন্তু উড্ডয়নের আগে পাইলট রানওয়েতে কিছু দেখার কথা জানিয়ে নিয়ন্ত্রণ টাওয়ারে বার্তা পাঠান। এ সময় ২৬ মিনিট আটকে থাকে বিমানটি। কর্তৃপক্ষের লোকজন গিয়ে রানওয়েতে শিয়াল দেখতে পান। পরে সেটিকে সরিয়ে দেওয়ার পরে উড্ডয়ন করে বিমানটি।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, রানওয়ে সম্পূর্ণ খালি নিশ্চিত করার পর ফ্লাইটটি ১২টা ছয় মিনিটে উড্ডয়ন করে।