নাজিরপুরে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও এনজিও

পিরোজপুরের নাজিরপুরে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়েছে একটি এনজিও। এ ঘটনায় গতকাল বুধবার ভুক্তভোগীরা ওই এনজিওটির অফিসের সামনে অবস্থান নেওয়াসহ থানায় অভিযোগ করেন।

থানায় দেওয়া অভিযোগ ও ভুক্তভোগীদের তথ্যে জানা গেছে, উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল বাসস্ট্যান্ড সংলগ্ন চরখোলা এলাকায় ‘রূপকল্প-২০৪১’ নামের একটি এনজিও কর্তৃপক্ষ ওই এলাকার সাহাতাব শেখের ভবন ভাড়া নেন। সেখান থেকে মাঠকর্মীর ও তাদের কর্মকর্তাদের মাধ্যমে উপজেলার বিভিন্ন গ্রাম ও পাশের পিরোজপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সমিতি গঠন করেন। এসব সমিতির প্রায় দেড় সহস্রাধিক নারীকে ঋণ দেওয়ার জন্য জামানত হিসেবে প্রতিজনের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেন। কিন্তু কোনো গ্রাহককে ঋণ না দিয়েই ওই টাকা নিয়ে গত সোমবার রাতে উধাও হয়ে যায় এনজিওর সঙ্গে সংশ্লিষ্টরা।

উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের রাসেল শেখের স্ত্রী লাইজু বেগম (২৫) বলেন, তার গ্রামে ১৩ নারীকে নিয়ে একটি সমিতি গঠন করে এনজিওটির মাঠকর্মী কামরুজ্জামান। তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে ঋণ দেওয়ার জন্য প্রতিজনের কাছ থেকে গত সপ্তাহে ১০ হাজার টাকা করে জামানত নেয় এনজিওটি। গতকাল বুধবার ওই ঋণের টাকা দেওয়ার কথা ছিল।

উপজেলার ভাইজোড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী মনজিলা বেগম (৪৫) বলেন, ‘দুই বছরের জন্য ঋণ দেওয়ার কথা বলে তাদের গ্রামের সমিতি গঠন করে একইভাবে টাকা আদায় করা হয়। কিন্তু ঋণের টাকা না দিয়ে বরং জামানতের টাকা নিয়ে লাপাত্তা এনজিওর লোকজন।’

এনজিওটির ভবন মালিক সাহাতাব হোসেন শেখ বলেন, ওই এনজিওটির প্রধান কর্মকর্তা কামরুজ্জামানের বাড়ি নড়াইল জেলায় বলে জানা গেছে। তাদের অফিসের কাজে ঢাকা মেট্রো-ল ৩০-২৩৫৮ এবং গোপালগঞ্জ-হ-১১-৬৬০৩ নম্বরের দুটি মোটরসাইকেল ব্যবহার করতে দেখা গেছে। তবে তারা কখন চলে গেছেন তা তিনি জানেন না। 

নাজিরপুর থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।