রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর জলসিঁড়ি গলফ ক্লাবে শুরু হয়েছে প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট। সারা দেশের বিভিন্ন গলফ ক্লাবের ৬ শতাধিক গলফার তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
৯ হোলের পার-৩৬ গলফ কোর্সে প্রথম দিন অংশ নিয়েছেন ১০০ জন গলফার। তাদের মধ্যে ২৫ জন নারী ও ৫ জন জুনিয়র গলফার।
তিন দিনে সব গলফারের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চারটি বিভাগ সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস-এ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।
গতকাল প্রতিযোগিতা শুরু হলেও শনিবার শেষ দিনের সকালে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল হাসান উজ জামান। এরপর বিকেলে পুরস্কার বিতরণ করবেন জলসিঁড়ি গলফ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল রেজাউল মজিদ।
অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।