রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন শিক্ষার্থীর ওপর অজ্ঞাতনামা দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৩ দফা দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ফ্রক্টর মাহবুবর রহমানের আশ্বাসের প্রেক্ষিতে দুপুর ২ টার সময় তারা অবরোধ স্থগিত করে। পরবর্তী ৯ ঘণ্টার মধ্যে তাদের দাবি আদায় না হলে আবারও অবরোধ কর্মসূচি শুরু করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এরআগে বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন 'কাজলা ক্যান্টিনে' খাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায় একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তরা দুই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণ শিকার শিক্ষার্থীদের বেধড়ক মারধর করে দুইটি পৃথক স্থানে ফেলে রেখে যায়। এ ঘটনায় রেস্টুরেন্ট খাবার আনতে যাওয়া আরও এক শিক্ষার্থী আহত হয়।
শিক্ষার্থীদের দাবি তিনটি হলো, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার, কাজলা পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত এবং কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ক্যান্টিনটি বন্ধ করে দিতে হবে।
ফিন্যান্স বিভাগে আসিফুর রহমান নামে একজন আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। নাহলে আন্দোলন আরো জোরদার করা হবে। পুলিশ ফাঁড়ির পাশে এতো কিছু হয়ে গেলো। অথচ ফাঁড়ির পুলিশরা কিছুই করতে পারেনি। তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আর কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ওই ক্যান্টিন বন্ধ করে দিতে হবে।
সার্বিক বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পুলিশ চেষ্টা করছে। তবে, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আহত শিক্ষার্থীর পক্ষ থেকে মামলা করা হবে বলেও জানান প্রক্টর।