কুমিল্লা 

একই স্থানে বিএনপির দুইগ্রুপের কর্মসূচি, প্রশাসনের নিষেধাজ্ঞা

কুমিল্লার টাউন হল মাঠে একই দিন বিএনপির দুই গ্রুপের এই স্থানে রাজনৈতিক কর্মসূচি দেওয়া বিশৃঙ্খরা এড়াতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।  বুধবার (১৯ নভেম্বর) রাতেই  জেলা প্রশাসনের জেএম শাখা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর স্বাক্ষরিত পৃথক দুটি চিঠির মাধ্যমে আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান ও মনিরুল হক চৌধুরীর আইনজীবী আবদুল মোতালেব মজুমদারকে এ  নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, টাউন হল মাঠে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছিল ইয়াছিন গ্রুপ। একই স্থানে একই দিনে মনিরুল হক চৌধুরীর নেতৃত্বাধীন গ্রুপ পূর্বনির্ধারিত নির্বাচনী জনসভার প্রস্তুতি নিচ্ছিল। এতে এলাকায় উত্তেজনা ও অস্বস্তির সৃষ্টি হয়।

চিঠিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এ সম্ভাবনার কারণে  টাউন হল ছাড়া বিকল্প স্থানে অনুষ্ঠান করার পরামর্শ দেওয়া হয়। 

এবিষয়ে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, একই স্থানে দুই পক্ষের কর্মসূচি ছিল। জননিরাপত্তার স্বার্থে তাই কাউকেই টাউন হলে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি।

এ দিকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে টাউন হল মাঠ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক।এরপরই মাঠে মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতিমূলক কাজ বন্ধ দেন এবং যৌথবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা  জোরধার করেন।